পরপর ৩টি ছবি! দেবের সঙ্গে ডেট করছেন ইধিকা? যা বললেন নায়িকা

টলিউডে এখন সবচেয়ে আলোচিত জুটি হলেন অভিনেতা দেব এবং অভিনেত্রী ইধিকা পাল। তাঁদের রসায়ন এতটাই জনপ্রিয় হয়েছে যে, তাঁরা পরপর তিনটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ‘খাদান’ দিয়ে শুরু হয়েছিল তাঁদের যাত্রা, এরপর আসছে ‘রঘু ডাকাত’ এবং ‘প্রজাপতি ২’। পরপর একসঙ্গে কাজ করতে গিয়েই টলিউডে গুঞ্জন ছড়িয়েছে যে, দেব নাকি ইধিকাকে ডেট করছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইধিকাকে এই ডেটিংয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এটা নিয়ে কখনো ভাবিনি। এতদূর যাইনি। এর আগেও যখন এসব নিয়ে কথা উঠেছে, আমাকে তা খুব একটা চিন্তায় ফেলেনি। যখন আমার থেকে বড়রা (দেব-রুক্মিণী) চিন্তিত নন, তখন আমি কেন হব?”

এই গুঞ্জন যখন ছড়িয়েছে, তখনই মাঝে দেব এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রুক্মিণী মৈত্রর বিচ্ছেদের খবরও মিডিয়ায় উঠে আসে। একসময় রুক্মিণী নাকি দেবকে ইনস্টাগ্রামে আনফলোও করে দিয়েছিলেন, যদিও পরে এটিকে একটি প্রযুক্তিগত সমস্যা হিসেবেই দাবি করা হয়।

ইধিকার অভিনয় জীবন শুরু হয়েছিল ছোট পর্দা থেকে। তবে বড় পর্দায় তাঁর প্রথম কাজ ছিল বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে। এরপরই তিনি দেবের বিপরীতে ‘খাদান’-এর নায়িকা হিসেবে সুযোগ পান। এই মুহূর্তে পরপর দুটি বড় ছবিতে দেবের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে।