অসুস্থ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা, হাসপাতালে গিয়ে দেখে এলেন শুভেন্দু-সুকান্ত, কেমন আছেন?

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বুধবার রাতে তাকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ, শুক্রবার দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দলীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন অগ্নিমিত্রা পাল। এর মধ্যেই আসানসোলে একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। বুধবার সেখান থেকে কলকাতায় ফেরার সময় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কর্মসূচি থাকায় অগ্নিমিত্রা পাল সেখানে উপস্থিত থাকতে পারবেন না। দলের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রথমে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হলেও, পরে তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিসের সংক্রমণে ভুগছিলেন। সুস্থ হয়ে তিনি আবার কাজে ফিরেছেন।