রাস্তাঘাটে পথকুকুরদের খাবার দিলেই কঠোর শাস্তি দেওয়া হবে! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

রাস্তায় যেখানে সেখানে কুকুরকে খাবার দেওয়া যাবে না। এই মর্মে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, প্রতিটি পৌরসভাকে কুকুরদের খাওয়ানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে। যদি কেউ এই নিয়ম না মানে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২২ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জারিয়ার একটি বেঞ্চ এই রায় দেয়। এর আগে আদালত পথকুকুরদের সরিয়ে ফেলার যে নির্দেশ দিয়েছিল, সেটি এবার বদল করা হয়েছে। নতুন রায়ে বলা হয়েছে:
পথকুকুরদের মুক্ত করতে হবে: যে পথকুকুরদের ধরে আনা হয়েছিল, তাদের জীবাণুমুক্ত (নির্বীজকরণ) এবং জলাতঙ্কের টিকা দেওয়ার পর আবার তাদের নিজেদের জায়গায় ছেড়ে দিতে হবে।
হিংস্র কুকুরদের ক্ষেত্রে: যে কুকুরগুলো হিংস্র হয়ে উঠেছে বা যারা মানুষকে কামড়াচ্ছে, তাদের এখনই ছাড়া হবে না।
নির্দিষ্ট জায়গায় খাবার: রাস্তায় যেখানে সেখানে কুকুরদের খাবার খাওয়ানোর অভ্যাস বন্ধ করতে হবে। পথচারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে।
সুপ্রিম কোর্ট প্রতিটি পুরসভাকে নির্দেশ দিয়েছে, যেন প্রতিটি ওয়ার্ডে কুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়। এই জায়গাগুলোতে নোটিস টাঙিয়ে দিতে হবে, যাতে সবাই জানতে পারে যে একমাত্র সেখানেই কুকুরদের খাবার দেওয়া যাবে।