হাতে মাইক্রোফোন, ভাঙা ভাঙা হিন্দিতে উড়ানের ঘোষণা! যাত্রীদের মন জয় পাইলটের, প্রশংসা নেটিজেনদের

সম্প্রতি ইন্ডিগো বিমান সংস্থার এক পাইলটের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি ভাঙা ভাঙা হিন্দিতে যাত্রীদের উদ্দেশে বিমানের ঘোষণা করছেন। তামিলনাড়ুর বাসিন্দা এই পাইলট, প্রদীপ কৃষ্ণনের এই চেষ্টা নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
পাটনাগামী একটি ফ্লাইটে পাইলট প্রদীপ কৃষ্ণন প্রথমে ইংরেজি ঘোষণার পর হিন্দিতে বলতে শুরু করেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “সবাইকে নমস্কার। আমার হিন্দি খুব সুন্দর, সবাই অ্যাডজাস্ট করে নেবেন। আমরা আজ পাটনায় যাব। ৩৫ হাজার ফুট উচ্চতায় বিমান উড়বে।” এরপর মজার ছলে তিনি বলেন, “যাত্রাপথে সামান্য টার্বুলেন্স হবে। ‘দাগা দাগা দাগা করেগা।’ যদি আপনি সিট বেল্ট না লাগান, তাহলে এটা বাধা হয়ে দাঁড়াবে।”
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে প্রচুর মানুষ মন্তব্য করেছেন। অনেকেই তাঁর আন্তরিক চেষ্টার প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “খুবই সুন্দর। প্রকৃত হিন্দি বলা সহজ নয়।” আরেকজন তাঁর এই প্রচেষ্টাকে ‘মিষ্টি’ বলে প্রশংসা করেছেন। অনেকে মজা করে যাত্রীদের প্রতিক্রিয়া কেমন ছিল, তা দেখতে চেয়েছেন। একজন লিখেছেন, “গুরুত্বপূর্ণ হলো যাত্রীদের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া, যা আপনি কথা ও কাজে করেছেন।”
পাইলট প্রদীপ কৃষ্ণন নিজেও একজন কনটেন্ট ক্রিয়েটর। এর আগেও তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে এক যাত্রীর আবদারে তিনি হিন্দিতে ঘোষণা করেছিলেন। তাঁর এই আন্তরিক এবং মজার স্বভাবের জন্য তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।