‘দু’ঘণ্টায় কোটিপতি হওয়ার স্বপ্ন শেষ! বন্ধ হচ্ছে ড্রিম ১১, জুপি, এমপিএল? চাকরি যাবে বহু মানুষের

আর শোনা যাবে না ‘দু’ঘণ্টায় কোটিপতি হয়ে যান!’ মতো লোভনীয় বিজ্ঞাপন। কারণ, এবার ভারতে সব ধরনের অনলাইন জুয়া খেলা বন্ধ হতে চলেছে। সম্প্রতি লোকসভা এবং রাজ্যসভায় ‘অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল, ২০২৫’ পাস হওয়ার পর দেশের বড় বড় গেমিং সংস্থাগুলো তাদের টাকা দিয়ে খেলার ব্যবস্থাগুলো বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রীয় সরকারের নতুন এই আইনে সেই সব অনলাইন গেম নিষিদ্ধ করা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা সরাসরি বা পরোক্ষভাবে টাকা জমা রাখেন এবং জেতার পর সেই টাকা দ্বিগুণ হওয়ার আশা করেন। শুধু গেম নয়, এই ধরনের খেলার প্রচার করলেও বড় শাস্তি হবে। অপরাধ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
এই বিল এখন শুধু রাষ্ট্রপতির সই-এর অপেক্ষায় আছে। সই হয়ে গেলেই এটি পুরোপুরি আইনে পরিণত হবে।
এই আইনের কারণে দেশের শীর্ষস্থানীয় রিয়েল মানি গেমিং সংস্থাগুলো যেমন ড্রিম১১, গেমসক্রাফট, মোবাইল প্রিমিয়ার লিগ (এমপিএল) এবং জুপি তাদের পেইড গেম বন্ধ করার ঘোষণা দিয়েছে।
ড্রিম১১: তারা তাদের সব ‘পে টু প্লে’ প্রতিযোগিতা স্থগিত করেছে। কোম্পানি জানিয়েছে, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকা সম্পূর্ণ সুরক্ষিত আছে এবং যে কেউ তা তুলে নিতে পারবেন।
মোবাইল প্রিমিয়ার লিগ (এমপিএল): তারাও তাদের প্ল্যাটফর্মে টাকা দিয়ে খেলার সব ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তাদের মুখপাত্র জানিয়েছেন, নতুন করে আর টাকা জমা নেওয়া হবে না, তবে গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে থাকা টাকা তুলে নিতে পারবেন।
জুপি: জুপিও তাদের সব পেইড গেম বন্ধ করে দিয়েছে। তবে, লুডো সুপ্রিম, লুডো টার্বো, স্নেকস অ্যান্ড ল্যাডার-এর মতো কিছু গেম এখন থেকে বিনামূল্যে খেলা যাবে।
এই সিদ্ধান্তের ফলে গেমিং প্ল্যাটফর্মগুলোর বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, এই শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ চাকরি হারাতে পারেন।