“জেল থেকে সরকার চালানো যাবে না,” বিহারে জনসভায় কড়া বার্তা মোদীর

ভোটমুখী বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের আক্রমণ করে বলেন, “জেল থেকে সরকার চালানো চলবে না।” তাঁর এই মন্তব্যটি সম্প্রতি সংসদে পেশ করা একটি বিলের ইঙ্গিত।

প্রধানমন্ত্রী বলেন, “একজন সাধারণ সরকারি কর্মচারীকে যদি ৫০ ঘণ্টা পুলিশ হেফাজতে রাখা হয়, তবে তাকে বরখাস্ত করা হয়। কিন্তু একজন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী জেল থেকে সরকার চালাতে পারেন। এটা কীভাবে সম্ভব?”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি কীভাবে জেল থেকে বসে ফাইল সই করা হয়। নেতারা যদি এমন হন, তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব।” তাই, সরকার এমন একটি আইন আনতে চলেছে, যার অধীনে প্রধানমন্ত্রীও থাকবেন।

উল্লেখ্য, বুধবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৩০তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করেছিলেন। এই বিলে বলা হয়েছে, কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী গুরুতর অপরাধে ৩০ দিনের জন্য জেল হেফাজতে থাকলে, ৩১ দিনের মাথায় তাঁকে তাঁর পদ থেকে সরে যেতে হবে।

এই বিল নিয়ে সংসদে বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ জানায়, যার কারণে বিলটি পাশ হয়নি এবং তা বিবেচনার জন্য জেপিসি কমিটির কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর আজকের ভাষণ থেকে বোঝা যায়, এই বিল নিয়ে বিজেপি তাদের অবস্থান থেকে সরছে না।