নলকূপের জল পেটে যেতেই যা হলো পরিবারের সাথে…? নিমেষে মৃত্যু ৩ জনের! চাঞ্চল্য মালদহে

নলকূপের জল খেয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় মালদহের বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন পুষ্প মন্ডল (৬৫), তার পুত্রবধূ বুল্টি মন্ডল (৩৫) এবং নাতনি পিউ মন্ডল (১০)। প্রাথমিক তদন্তে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

কীভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা?
পরিবারের সদস্য স্বপন মন্ডল জানিয়েছেন, রাতে খাওয়া-দাওয়ার পর তারা সবাই ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে তারা গায়ে চুলকানির কথা জানান। এরপর তাদের তেল মালিশ করে নলকূপের জল খাওয়ানো হয়। জল খাওয়ার পরই তাদের অবস্থা আরও খারাপ হতে থাকে।

সঙ্গে সঙ্গে তাদের বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। পরিবার প্রথমে তাদের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। সেখানে বুল্টি মন্ডলের মৃত্যু হয়। এরপর বাকি দু’জনকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে কয়েক ঘন্টার ব্যবধানে তাদেরও মৃত্যু হয়।

তদন্ত শুরু করেছে পুলিশ
এই ঘটনার পর পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নলকূপের জলের মধ্যে কোনো বিষাক্ত পদার্থ মিশে থাকার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো গ্রাম শোকে স্তব্ধ।