কলেজ হস্টেলে উদ্ধার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ, আত্মহত্যা নাকি খুন? তদন্ত পুলিশের

কোচবিহারের একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ছাত্রীটি আত্মহত্যা করেছেন। তবে এর পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত ছাত্রীর নাম অন্বেষা ঘোষ, তিনি বর্ধমানের বাসিন্দা এবং ওই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সম্প্রতি ছুটি কাটিয়ে রবিবারই তিনি হস্টেলে ফিরেছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁর বন্ধুরা দীর্ঘক্ষণ ধরে অন্বেষাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এরপর তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

অন্বেষার হঠাৎ এমন পরিণতিতে তার পরিবার শোকস্তব্ধ। তারা কিছুতেই বুঝতে পারছেন না কেন এমন ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, তারা অন্বেষার পরিবার এবং বন্ধুদের সাথে কথা বলে পুরো ঘটনা জানার চেষ্টা করবেন।

পুলিশের তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।