বদলে গেল আগের রায়, পথকুকুরদের নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট!

পথকুকুরদের নিয়ে বড় রায় দিল দেশের সুপ্রিম কোর্ট। আগের একটি রায় বাতিল করে এবার আদালত জানিয়েছে, প্রশাসন যেসব পথকুকুরকে ধরেছিল, তাদের আবার নিজেদের জায়গায় ফিরিয়ে দিতে হবে। এই রায়ে সারা দেশের পশুপ্রেমীরা খুশি।

সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ

শুক্রবার বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে একটি বেঞ্চ এই মামলার শুনানি করছিল। সব পক্ষের কথা শোনার পর আদালত রায় দেয়:

মুক্ত করতে হবে কুকুরদের: যে সমস্ত সুস্থ পথকুকুরদের ধরা হয়েছে, তাদের প্রথমে জীবাণুমুক্ত (নির্বীজকরণ) করে র‍্যাবিসের টিকা দিতে হবে। এরপর আবার তাদের নিজেদের এলাকায় ছেড়ে আসতে হবে।

আক্রান্ত কুকুরদের ছাড় নেই: তবে যে কুকুরগুলো র‍্যাবিস রোগে আক্রান্ত এবং খুব হিংস্র, তাদের এখনই ছাড়া যাবে না।

নির্দিষ্ট জায়গায় খাবার দিতে হবে: কুকুরদের মুক্ত করা হলেও যেখানে সেখানে তাদের খাবার দেওয়া যাবে না। প্রশাসনকে নির্দিষ্ট কিছু জায়গা ঠিক করে দিতে হবে। শুধুমাত্র সেখানেই স্থানীয়রা কুকুরদের খাবার দিতে পারবেন।

আগের রায়ে কী ছিল?

এর আগে গত ১১ আগস্ট বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের একটি বেঞ্চ রায় দিয়েছিল যে, দিল্লি-এনসিআর এলাকা থেকে সব পথকুকুরকে সরিয়ে নিতে হবে। এই রায়ের পর দেশজুড়ে পশুপ্রেমীরা প্রতিবাদ শুরু করেন এবং রায়টি পুনর্বিবেচনার দাবি জানান।

নতুন রায়ে বিচারপতি বিক্রম নাথ স্পষ্ট জানিয়েছেন যে, দিল্লি-এনসিআর সহ দেশের কোনো এলাকা থেকেই পথকুকুরদের তুলে নিয়ে কোনো আশ্রয়কেন্দ্রে (শেল্টার) পাঠানো যাবে না। শুধুমাত্র টিকা দেওয়ার প্রয়োজনে সাময়িকভাবে তাদের শেল্টারে রাখা যেতে পারে।