আরো একবার প্রধানমন্ত্রীর বঙ্গ সফর! ফের অনুপস্থিত দিলীপ, নেপথ্যে কী কারণ?

ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শুক্রবার দমদমে মেট্রোর তিনটি নতুন রুটের উদ্বোধন করবেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে আবারও নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কারণ, এবারের অনুষ্ঠানেও থাকছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালেই তিনি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছেন।
কেন অনুপস্থিত দিলীপ ঘোষ?
আলিপুরদুয়ার এবং দুর্গাপুরের পর দমদমের অনুষ্ঠানেও দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। দিলীপ ঘোষ নিজে জানিয়েছেন, তিনি বেঙ্গালুরু যাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করতে। একটি জরুরি বৈঠক থাকার কারণেই তাঁর এই সফর।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আমি বেঙ্গালুরু চলে যাচ্ছি। রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করতে। আমার আজ কলকাতায় কোনও কাজ নেই।” তিনি আরও বলেন, “দিলীপ ঘোষ কোনওদিন অভিমান করেনি। পার্টি যদি আমাকে কোনও কাজ দেয়, তাহলে সেই কাজে লেগে যাব।”
দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্যে দলের অন্দরে বিভেদের জল্পনা আরও বেড়ে গেল। অনেকের মতে, বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ঘন ঘন রাজ্য সফর বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াচ্ছে। কিন্তু দিলীপ ঘোষের মতো একজন গুরুত্বপূর্ণ নেতার বারবার অনুপস্থিতি দলের মধ্যেকার ফাটলকেই স্পষ্ট করে তুলছে।
প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি
আজ প্রধানমন্ত্রী মোদি দমদম মেট্রোর ৩টি নতুন রুটের উদ্বোধন করবেন। এই নতুন রুটগুলো কলকাতার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে। তবে এই গুরুত্বপূর্ণ সময়ে দিলোধ ঘোষের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা থামছে না।