পাকিস্তান নিয়ে নরম মনোভাব, এশিয়া কাপে খেলবে ভারত, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নতুন নীতি

পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার পুরনো অবস্থানেই অনড় থাকছে ভারত। তবে এশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আর কোনো বাধা নেই। সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক একটি নতুন নীতি ঘোষণা করে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

নতুন নীতি অনুযায়ী, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে না। ভারতীয় দল পাকিস্তানে গিয়ে কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না, এবং একইভাবে পাকিস্তানের দলও ভারতে আসার অনুমতি পাবে না।

আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে নরম মনোভাব:

দ্বিপাক্ষিক সিরিজের বাইরে গিয়ে যদি কোনো আন্তর্জাতিক বা বহুজাতিক প্রতিযোগিতা হয়, সেক্ষেত্রে ভারত তার অবস্থান কিছুটা নরম করেছে। ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা এবং আমাদের খেলোয়াড়দের মতামতকে গুরুত্ব দিয়ে নেওয়া হবে। তবে খেলার স্থান বা ভেন্যু কতটা নিরাপদ, সেই বিষয়টিও মাথায় রাখা হবে। এর ফলে পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

ক্রীড়াবিদদের জন্য নিয়ম:

আন্তর্জাতিক ইভেন্টে শুধু দলগত খেলা নয়, ব্যক্তিগত ক্ষেত্রেও ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি প্রতিযোগীদের বিরুদ্ধে খেলতে পারবে।

ভারত যদি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক হয়, তাহলে পাকিস্তানি দল বা খেলোয়াড়দেরও এখানে খেলতে কোনো বাধা থাকবে না।

সম্প্রতি শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘রক্ত এবং জল একসাথে বইতে পারে না, কিন্তু বিসিসিআই-এর ক্ষেত্রে রক্ত এবং রেভিনিউ একসাথে বইতে পারে।’ তিনি আরও বলেন যে যখন ভারত পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে কোণঠাসা করতে চায়, তখন বিসিসিআই কেন তাদের সঙ্গে ক্রিকেট খেলবে?

তবে কেন্দ্রীয় সরকারের এই নতুন নীতির ফলে আপাতত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে বিতর্ক চলছিল, তার অবসান হলো।