স্ত্রী’‌র জন্যই এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু? প্রশ্ন উঠতেই যা বললেন ক্রিকেটার

এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন ক্রিকেটার রিঙ্কু সিং। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভালো ফর্মে না থাকা এবং আইপিএলে বড় রান করতে না পারার পরেও কেন তিনি দলে সুযোগ পেলেন, সেই প্রশ্ন উঠেছে। এই নিয়ে মুখ খুললেন রিঙ্কু। অন্যদিকে, ভারতীয় দল নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।

এশিয়া কাপের দলে সুযোগ পেয়ে রিঙ্কু সিং বলেন, “এই প্রথম কোনো মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে খেলার সুযোগ পেলাম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাইনি। যদি প্রথম একাদশে সুযোগ পাই, তবে নিজের সেরাটা দেব।”

দলে তাঁর ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি যেকোনো পজিশনে খেলতে পারি। কিন্তু নিজেকে ‘ফিনিশার’ বলতে চাই না। কোচ এবং নির্বাচকরা এখন এমন খেলোয়াড় চান, যারা অলরাউন্ডার।” তিনি জানান, ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত বোলিং করেন এবং আন্তর্জাতিক স্তরেও কিছু উইকেট নিয়েছেন। তাই বোলিংয়েও তিনি জোর দিচ্ছেন।

সম্প্রতি রিঙ্কুর হবু স্ত্রীর রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর দলে সুযোগ পাওয়ার গুঞ্জন নিয়েও রিঙ্কু মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমার ও প্রিয়ার পেশা আলাদা। ক্রিকেটের মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো জায়গা নেই।”

দল নির্বাচন নিয়ে খুশি নন হরভজন সিং। তিনি বিশেষ করে পেসার মহম্মদ সিরাজকে দলে না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। হরভজন বলেন, “আমার মনে হয় সিরাজকে দলে রাখা উচিত ছিল। ইংল্যান্ড সিরিজে ও খুবই ভালো বল করেছে। ও থাকলে দলের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হতো। সিরাজ দলে একটা ‘এক্স ফ্যাক্টর’ নিয়ে আসে, যা ভারতীয় দল মিস করবে।”

হরভজনের মতে, পাঁচটি টেস্ট ম্যাচে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়া সত্ত্বেও সিরাজকে বাদ দিয়ে জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা সত্ত্বেও, কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর লাল বলের ক্রিকেটে ফোকাস করার কারণে সিরাজ টি-টোয়েন্টি দলে আর সুযোগ পাননি।