দিপাবলীতেই কেন্দ্রের বিরাট উপহার! কমতে পারে গাড়ির দাম, বদলাচ্ছে GST-র নিয়ম

আসন্ন দীপাবলিতে নতুন চার চাকার গাড়ি কেনার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য সুখবর। কেন্দ্র সরকার গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST)-এর কাঠামোতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। যদি এই পরিবর্তন হয়, তাহলে দেশের অটোমোবাইল শিল্পে ব্যাপক গতি আসতে পারে এবং গাড়ির দাম অনেকটাই কমে যাবে।

জিএসটি সরলীকরণের পরিকল্পনা
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জিএসটি-তে সরলীকরণের কথা বলেছেন। সূত্র অনুযায়ী, কেন্দ্র সরকার ২৮ শতাংশের জিএসটি স্ল্যাবটি তুলে দিয়ে তার বদলে ১৮ শতাংশ করতে পারে। বর্তমানে, গাড়ি ২৮ শতাংশ জিএসটি স্ল্যাবের আওতায় পড়ে। যদি এই পরিবর্তন হয়, তাহলে গাড়ির ওপর জিএসটি কমে হবে ১৮ শতাংশ এবং বাড়তি সেসও থাকবে না। বর্তমানে গাড়ির জিএসটির ওপর ২৯ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সেস বসে।

দাম কতটা কমবে?
নতুন কর কাঠামোতে ছোট গাড়ির ওপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হতে পারে। অন্যদিকে, বড় গাড়ির ওপর ৪০ শতাংশ জিএসটি লাগু হতে পারে, তবে কোনো সেস থাকবে না। এর ফলে, ছোট গাড়ির দাম প্রায় ৮ শতাংশ পর্যন্ত কমতে পারে, আর বড় গাড়ির দাম কমতে পারে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত।

যদি এই পরিবর্তন আসে, তাহলে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড সবচেয়ে বেশি লাভবান হবে, কারণ তাদের প্রায় ৬৮ শতাংশ গাড়িই ছোট। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-ও এই পরিবর্তনে উপকৃত হবে।

বর্তমানে, অটোমোবাইল শিল্প থেকে জিএসটি বাবদ প্রায় ১৪ থেকে ১৫ বিলিয়ন ডলার আয় হয়। শুধু দুই চাকার গাড়ি থেকেই আয় হয় প্রায় ৫ বিলিয়ন ডলার। জিএসটি সরলীকরণ হলে এই শিল্পে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।