বিশ্বের সবচেয়ে ‘সহৃদয় ও সহানুভূতিশীল বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও! মৃত্যু ক্যানসারে, হাসপাতাল থেকে তার শেষ বার্তা কী ছিল?

বিচারকের গুরুগম্ভীর ভাবমূর্তি ভেঙে দিয়েছিলেন যিনি, সেই জনপ্রিয় আমেরিকান বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। ৮৮ বছর বয়সে প্যানক্রিয়াসের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তিনি মারা গেছেন। তার সহানুভূতিশীল রায় এবং দয়ালু আচরণের জন্য তিনি সবার কাছে পরিচিত ছিলেন।

‘সহানুভূতি’ই ছিল তার বিচার
ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও রোড আইল্যান্ডের একজন মিউনিসিপাল জাজ ছিলেন। তিনি তার সহানুভূতি এবং মানবিকতার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। ‘Caught in Providence’ নামে একটি টেলিভিশন সিরিজেও তার এই মানবিক দিকটি তুলে ধরা হয়েছিল। সেখানে দেখানো হয়েছিল, তিনি অপরাধীদের প্রতি কতটা সহানুভূতিশীল। ক্যাপ্রিও সবসময় বলতেন, তার আদালতে মানুষ এবং তাদের মামলা, সবকিছুই দেখা হয় দয়া ও সহানুভূতির সঙ্গে।

শেষ মুহূর্তেও চেয়েছিলেন প্রার্থনা
২০২৩ সাল থেকে প্যানক্রিয়াসের ক্যানসারে ভুগছিলেন তিনি। সম্প্রতি তার শরীর আবার খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি সবার কাছে অনুরোধ করেছিলেন, তারা যেন তার জন্য প্রার্থনা করেন। তিনি প্রার্থনার শক্তিতে বিশ্বাস করতেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়, এবং তিনি ক্যান্সারের সঙ্গে তার যুদ্ধে হেরে যান।