‘ওইখানে হাত…’ দুধবিক্রেতাদের হাতে আড়াই বছর যৌন হেনস্থার শিকার, অকপট স্বীকারোক্তি ভারতীর

বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় কৌতুকশিল্পী এবং সঞ্চালিকা ভারতী সিং। তাঁর মজার কৌতুক এবং হাসির জাদু দিয়ে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন জীবনযুদ্ধ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যা শুনে সবাই অবাক।
ভারতী বলেন, ছোটবেলায় তিনি প্রায় আড়াই বছর ধরে প্রতিদিন যৌন হয়রানির শিকার হয়েছিলেন। সেই সময় তিনি বুঝতেই পারতেন না যে তাঁকে ইচ্ছে করে যৌন হেনস্থা করা হচ্ছে।
ভারতী বলেন, “যখন টাকার খুব অভাব ছিল, তখন আমি কলেজে গিয়ে কমেডি স্কিট করতাম। সেই বয়সে আমি ‘গুড টাচ’ বা ‘ব্যাড টাচ’ সম্পর্কে কিছুই জানতাম না। এখনকার মেয়েরা স্কুলে এসব শেখে, কিন্তু আমাদের সময় কেউ শেখায়নি।”
তিনি জানান, পড়াশোনার ফাঁকে সপ্তাহে তিন দিন তিনি ভোর ৫টার বাসে করে কলেজে যেতেন। সেই বাস দুধ বিক্রেতাদের ভিড়ে ঠাসা থাকত। সেই ভিড়ের মধ্যে প্রতিদিন তাঁর শরীরে অশালীনভাবে স্পর্শ করা হতো। কিন্তু কিশোরী ভারতী সরল মনে ভাবতেন, হয়তো ভিড়ের কারণে লোকটি পড়ে যাচ্ছিল, তাই তাঁর শরীরে হাত লেগেছে। “প্রায় দেড়-দুই বছর পর আমি বুঝতে পারলাম, এটা কোনো দুর্ঘটনা নয়, আমাকে ইচ্ছে করেই স্পর্শ করা হচ্ছে,”— অকপটে স্বীকার করেন ভারতী।
তিনি আরও বলেন, সেই সময় পরিবার বা সমাজে এই ধরনের বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করা হতো না। তাই ছোটবেলায় কেউ তাঁকে শেখায়নি কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ।
অন্ধকার থেকে আলোর পথে
আজ সেইসব অন্ধকার দিন পেরিয়ে ভারতী সিং এক সফল তারকা। বর্তমানে তিনি তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে নিজস্ব পডকাস্ট ‘ভারতী টিভি’ নিয়ে ব্যস্ত। একইসঙ্গে ‘লাফটার শেফস ২’-এর সঞ্চালক হিসেবেও তিনি দর্শকদের মন জয় করছেন।
ভারতী সিংয়ের এই অকপট স্বীকারোক্তি একদিকে যেমন সমাজের গোপন দিকগুলো তুলে ধরে, তেমনি প্রমাণ করে যে, অনেক লড়াই, অপমান এবং আঘাতের ভিতর দিয়েই একজন মানুষের সাফল্যের গল্প তৈরি হয়।