Recipe: কলাপাতায় পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি, শিখেনিন বাঙালি রান্নার সেরা রেসিপি

ছোট মাছের ঝোল বা চচ্চড়ি খেয়ে যদি একঘেয়ে লাগে, তাহলে নতুন কিছু চেখে দেখার জন্য আজকের রেসিপিটি আপনার জন্য। গরম ভাতের সঙ্গে দারুণ জমবে পাঁচমিশালি ছোট মাছের পাতুরি। কীভাবে বানাবেন, দেখে নিন।
উপকরণ:
পাঁচমিশালি ছোট মাছ – আধা কেজি
পেঁয়াজ কুচি – ১ কাপ
রসুন বাটা – ১ চা চামচ
শুকনো লঙ্কা বাটা – দেড় টেবিল চামচ
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
ধনে গুঁড়ো – আধা চা চামচ
কাঁচা লঙ্কা ফালি – ৫-৬টি
পাকা টমেটো কুচি – আধা কাপ
নুন – স্বাদমতো
ধনেপাতা কুচি – স্বাদমতো
সর্ষের তেল – ১ কাপ
কলাপাতা – কয়েকটি
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
২. একটি বড় পাত্রে পেঁয়াজ কুচি, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, নুন এবং ধনেপাতা একসঙ্গে নিন। এতে কিছুটা সর্ষের তেল দিয়ে সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিন।
৩. এরপর এই মশলার মিশ্রণটি মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন।
৪. এবার একটি বড় কলাপাতা পরিষ্কার করে ধুয়ে মুছে নিন। পাতার মাঝখানে একটি ছুরি দিয়ে লম্বা করে দাগ কেটে নিন এবং হালকা আঁচে তাওয়ায় বসিয়ে একটু নরম করে নিন, যাতে ভাঁজ করার সময় পাতাটি ফেটে না যায়।
৫. নরম করা কলাপাতার মাঝখানে মশলায় মাখানো মাছগুলো পাতলা করে বিছিয়ে দিন।
৬. এবার পাতার চারপাশ থেকে মুড়ে মাছটিকে ভালোভাবে ঢেকে দিন, যাতে তেল বা মশলা বাইরে না আসে। আরও একটি কলাপাতা দিয়ে মুড়িয়ে টুথপিক বা সুতো দিয়ে ভালো করে আটকে দিন।
৭. একটি তাওয়া গরম করে তার ওপর মাছসহ কলাপাতাটি বসিয়ে দিন। একটি ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে ১৫ মিনিটের জন্য রান্না করুন।
৮. এরপর মাছের দিকটি উল্টে দিয়ে আরও ১৫ মিনিট রান্না করুন।
৯. মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। কলাপাতা খুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।