‘বাংলায় কথা বলাই হয়েছে অপরাধ’..! কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মারধর, আহত ১০জন

খোদ কলকাতায় ‘বাংলাদেশি’ সন্দেহে মারধরের শিকার হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের কয়েকজন ছাত্র। বাংলায় কথা বলার কারণে শিয়ালদার শিশির মার্কেটের কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে তাদের মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

কীভাবে ঘটল এই ঘটনা?
জানা গেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র শিয়ালদার শিশির মার্কেটে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে বাংলার কথা বলার কারণে কিছু ব্যবসায়ী তাদের ‘বাংলাদেশি’ বলে সন্দেহ করেন এবং এরপর তাদের উপর আক্রমণ করা হয়। ছাত্রদের দাবি, তাদের ছুরি, বন্দুকের বাঁট এবং হকি স্টিক দিয়ে পেটানো হয়েছে। এই হামলার পর আহত ছাত্রদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের কাছে অভিযোগ ও বিক্ষোভ
এই ঘটনার প্রতিবাদে মুচিপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান ছাত্ররা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। পরে রাতে মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।