“সাত দিনের মধ্যে রাজ্যের হলফনামা চাই”- কড়া নির্দেশ হাইকোর্টের, জেনেনিন কোন মামলা?

ফের বিতর্কের কেন্দ্রে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবার হাসপাতাল থেকে শিশু উধাও হয়ে যাওয়ার ঘটনায় রাজ্যের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। ঘটনাটি ২০২০ সালের।

কী ঘটেছিল?

২০২০ সালে দেবযানী মণ্ডল নামে এক মহিলা আর জি কর হাসপাতালে একটি সন্তানের জন্ম দেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার মৃত সন্তান হয়েছে। তবে ওই দম্পতি এই কথা মানতে রাজি ছিলেন না। তাদের দাবি ছিল, জন্মের পর তাদের শিশুটি হাসপাতাল থেকে ‘নিখোঁজ’ হয়ে গেছে।

হাইকোর্টের নির্দেশ ও ডিএনএ পরীক্ষা

ঘটনার পর তারা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলাটি উঠলে তিনি ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। সেই পরীক্ষায় দেখা যায়, হাসপাতাল থেকে যে মৃত শিশুটির ডিএনএ নমুনা নেওয়া হয়েছিল, তার সঙ্গে দেবযানী ও তার স্বামীর ডিএনএ-র কোনো মিল নেই। এরপর আদালতের নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠিত হয়।

তদন্তে অসঙ্গতি এবং আদালতের প্রশ্ন

তদন্তে নেমে সিট বেশ কিছু অসঙ্গতি খুঁজে পায়। সম্প্রতি মামলাটি নতুন করে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে ওঠে। সেখানে বিচারক মামলাকারীদের আইনজীবীদের কাছে জানতে চান, “২০২০ সালের ঘটনা। এত দিন আপনারা কী করছিলেন? চার বছর পর হঠাৎ মামলা এগিয়ে নিয়ে যাওয়ার কথা মনে পড়ল কেন?”

হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মামলাকারীকে হলফনামা দিয়ে জানাতে হবে কেন এত দেরিতে মামলাটি আবার শুরু করা হচ্ছে। একইসঙ্গে, রাজ্যকে আগামী সাত দিনের মধ্যে সিটের তদন্তের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে।