ফের আবার বৃষ্টির খেলা শুরু বঙ্গে! একটানা লাগাতার বৃষ্টি গোটা বাংলায়, ভাসবে এই সব জেলা

কয়েক দিনের বিরতির পর আবারও বাংলায় শুরু হচ্ছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আবারও সক্রিয় হয়েছে বর্ষা। ফলে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

বৃহস্পতিবার: পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং জলপাইগুড়িতে বৃষ্টির তীব্রতা বাড়বে।

শনিবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

উদ্বেগ বন্যাপ্রবণ এলাকায়

কয়েক দিন আগেই খানাকুল, আরামবাগ-সহ বেশ কিছু জেলা বন্যায় ভেসে গিয়েছিল। বহু মানুষ বাড়িঘর হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আবার একটানা বৃষ্টির পূর্বাভাস আসায় সেই সব এলাকার মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে, উত্তরবঙ্গের তিস্তা সংলগ্ন এলাকাগুলোতেও লাল সতর্কতা জারি ছিল, যা ক্রমাগত বৃষ্টির কারণে আবারও জলস্তর বাড়ার ঝুঁকি তৈরি করেছে।

আবহাওয়া দফতর সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষত, যে সব এলাকায় বন্যার সম্ভাবনা আছে, সেখানকার প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে।