লোকসভায় অনলাইন গেমিং বিল পাশ, শাস্তি ৩ বছর জেল ও কোটি টাকা জরিমানা

অনলাইন গেমিংয়ের মাধ্যমে অর্থ তছরুপ, প্রতারণা এবং এর প্রতি আসক্তি রোধ করতে বুধবার সংসদে ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং খসড়া আইন’ পাশ হয়েছে। লোকসভায় এই বিলটি ধ্বনি ভোটে পাশ হয়, যা দেশের অনলাইন গেমিং শিল্পে একটি বড় পরিবর্তন আনতে চলেছে।
এদিন সকালে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিলটি পেশ করেন। বিলের বিষয়বস্তু নিয়ে বিরোধী দলগুলো তীব্র আপত্তি জানালেও, ধ্বনি ভোটের মাধ্যমে তা পাশ হয়ে যায়। বিলটি পাশ হওয়ার পরই লোকসভার অধিবেশন দিনের জন্য মুলতুবি ঘোষণা করা হয়।
এই নতুন আইনের মূল কিছু বিধান হল:
বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা: অনলাইন গেমিংয়ের সমস্ত ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হবে, যা সাধারণত দেশের বিখ্যাত অভিনেতা ও খেলোয়াড়দের দিয়ে করানো হতো।
আর্থিক লেনদেন বন্ধ: ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনলাইন গেমিং সংক্রান্ত অর্থ স্থানান্তর বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জুয়া খেলা নিষিদ্ধ: অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস, পোকার, রামি এবং অনলাইন লটারির মতো সমস্ত অনলাইন বেটিং ও জুয়া খেলাকে এই আইনের আওতায় বেআইনি ঘোষণা করা হয়েছে।
কঠোর শাস্তি: অনলাইন গেমিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দোষী প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড পেতে পারেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের এই পদক্ষেপ দেশের ৩.৮ বিলিয়ন ডলারের গেমিং ব্যবসাকে বড়সড় ধাক্কা দেবে। এর ফলে ড্রিম ইলেভেন, গেমস ২৪x৭ এবং মোবাইল প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় অ্যাপগুলোতে বিদেশি বিনিয়োগকারীরা আর আকৃষ্ট হবেন না। যদিও সরকারের দাবি, এই আইন সমাজের ভালোর জন্য এবং মানুষকে আর্থিক প্রতারণা থেকে রক্ষা করবে।