রহস্যজনক মেসেজ পাঠিয়ে আত্মহত্যা! মহেশতলায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য ছেলেকে ডাকতে গিয়েছিলেন বাবা। কিন্তু ঘরের বন্ধ দরজায় বারবার টোকা দিয়েও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় পরিবারের। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় ঘরের সিলিং থেকে ঝুলছে ছেলের দেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায়।

মৃত যুবকের নাম সঞ্জীব পাত্র (৩২)। তিনি মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের নুঙ্গি চকচান্দুর বাসিন্দা এবং স্থানীয় একটি মিলে শ্রমিকের কাজ করতেন। পরিবারের সদস্যরা জানান, গত কয়েক দিন ধরে সঞ্জীব বেশ চুপচাপ হয়ে গিয়েছিলেন এবং ঠিকমতো খাওয়া-দাওয়াও করছিলেন না। যদিও তার এমন আচরণের কারণ পরিবারের কাছে স্পষ্ট ছিল না।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে সামান্য খাবার খেয়ে সঞ্জীব নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। বুধবার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন।

ঘটনার পর জানা যায়, মঙ্গলবার রাতে মৃত্যুর ঠিক আগে সঞ্জীব তার এক ঘনিষ্ঠ বন্ধুকে একটি রহস্যময় মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজে তিনি লিখেছিলেন, “ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে।” এরপরই তিনি ফোনটি বন্ধ করে দেন, ফলে বন্ধুটি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

এই ঘটনায় মহেশতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে, সত্যিই সঞ্জীবের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল কিনা এবং যদি তা হয়েও থাকে, তাহলে সেই কারণেই তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। সঞ্জীবের পাঠানো মেসেজটি এই মামলার তদন্তে একটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করছে।