“আমার মেয়ের রক্ত নিয়ে খেলছে পুলিশ”-তামান্নার মা, সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে

কালীগঞ্জ কাণ্ডে পুলিশের তদন্তের উপর সম্পূর্ণ আস্থা হারিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন শেখ। তাঁর স্পষ্ট অভিযোগ, পুলিশ সত্য উদঘাটনের বদলে অভিযুক্তদের সুবিধা করে দিচ্ছে এবং সুবিচারের পরিবর্তে তাঁদের সঙ্গে ‘খেলা’ করছে।

হাইকোর্টের উদ্দেশে রওনা হওয়ার আগে সাবিনা ইয়াসমিন বলেন, “আমি কলকাতা হাইকোর্টে যাব, সেখানে সিবিআই তদন্ত চাইব। এখানকার পুলিশের উপর আর আমার ভরসা নেই। পুলিশ আমাদের এক কথা বলছে, আর ওদের সঙ্গে অন্য কাজ করছে। খুনিদের পুলিশ সাক্ষী হিসেবে আদালতে নিয়ে যাচ্ছে। এটা কি রাজনীতি হচ্ছে না?”

আবেগপ্রবণ কণ্ঠে তিনি আরও বলেন, “আমার মেয়েকে মেরে দিয়েছে, তার মা কি বিচার চাইবে না? আমার মেয়ের মৃত্যু-রক্ত নিয়ে পুলিশ খেলছে।” সামাজিক মাধ্যমে তাঁকে রাজনীতি করার অভিযোগের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন, “একজন মা তার মেয়ের মৃত্যুর বিচার চাইবে, এটা কি অন্যায়?”

উল্লেখ্য, গত বছর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনার পর সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল, যাতে গুরুতর আহত হয়ে প্রাণ হারায় ৯ বছরের তামান্না। সেই ঘটনায় শাসক দলের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তামান্নার পরিবারের দাবি, তারা সিপিএম সমর্থক হওয়ায় তাদের মেয়েকে লক্ষ্য করে বোমা মারা হয়েছে। ঘটনার পর পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও, পরিবারের অভিযোগ ছিল পুলিশ গ্রাম থেকে বোমা উদ্ধার করেনি এবং তদন্তে গাফিলতি করেছে। পরিবারের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হচ্ছিল, তামান্না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না এবং রাজনৈতিক হিংসার শিকার হয়েছে। এখন সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ায় মামলাটি নতুন মোড় নিল।