‘ধূমকেতু’-র সাফল্য উদযাপনের মাঝেই মুম্বইয়ে শুভশ্রী, তবে কি বলিউডে পা রাখতে চলেছেন নায়িকা?

টলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাতৃত্ব, সংসার এবং একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছেন। সম্প্রতি দেব-শুভশ্রীর নতুন ছবি ‘ধূমকেতু’-র সাফল্যের পর তিনি হঠাৎ মুম্বই পাড়ি দেন।
শুভশ্রীর মুম্বই যাত্রা নিয়ে প্রথমে গুঞ্জন ছড়ায় যে তিনি হয়তো বলিউডে পা রাখতে চলেছেন। তবে জানা যায়, একটি বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ের কাজেই তিনি মুম্বই গিয়েছিলেন। শুটিংয়ের ফাঁকে তিনি তাঁর কাছের বন্ধু, অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে সময় কাটান। ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শোয়ের মঞ্চে শুরু হওয়া তাঁদের বন্ধুত্ব আজো অটুট। সম্প্রতি তাঁরা দুজন কালো পোশাকে একটি পার্টিতে একসঙ্গে ছবি তোলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এক সাক্ষাৎকারে শুভশ্রী নিজেই জানিয়েছিলেন যে, তাঁর অভিনয় জীবনের শুরুর দিকে পরিচালক অনুরাগ বসু তাঁকে হিন্দি টেলিভিশনে কাজের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শুভশ্রী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তাঁর লক্ষ্য ছিল শুধুমাত্র বড়পর্দায় কাজ করা। সেই সিদ্ধান্তই তাকে আজ টলিউডের এক নম্বর নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অভিনেত্রী, মা এবং স্ত্রী— এই তিনটি ভূমিকায় শুভশ্রী সমানভাবে উজ্জ্বল। কাজের ব্যস্ততার মাঝেও তিনি সন্তানদের জন্য সময় বের করেন, সংসার সামলান এবং শুটিং ফ্লোরে ফিরে দর্শকদের নতুন ছবি উপহার দেন। স্বামী রাজ চক্রবর্তী এবং তাঁর সহ-অভিনেতা দেব দু’জনেই প্রকাশ্যেই শুভশ্রীর এই ভারসাম্য বজায় রাখার ক্ষমতাকে বিরল বলে প্রশংসা করেছেন।
‘ধূমকেতু’-র প্রচার শেষ হওয়ার পর শুভশ্রী তার পরিবার নিয়ে রাজ চক্রবর্তীর হালিশহরের বাড়িতে সময় কাটিয়েছেন। সেখানে ছেলে-মেয়েদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতেছিলেন। মা হওয়ার পর তার জীবন যেন আরও পরিপূর্ণ হয়েছে।
মুম্বই সফর শেষ করে শুভশ্রী ইতিমধ্যেই নতুন কাজে যোগ দিয়েছেন। যদিও বলিউডে পা রাখার কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে অনেকেই মনে করছেন তাঁর মুম্বই যাত্রা টলিউড থেকে বলিউডের দিকে একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।