নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী! কে হামলাকারী? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বুধবার সকালে দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিভিল লাইনস এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ‘জন শুনানি’ চলাকালীন এই হামলা হয়। ঘটনার পর পরই পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজেকে রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া নামে পরিচয় দিয়েছেন। তার বয়স ৪১ বছর (অন্য এক সূত্র অনুযায়ী ৩৫)। তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা বলে দাবি করা হচ্ছে। জন শুনানি চলাকালীন তিনি কিছু নথি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে যান। নথি দেওয়ার পরেই তিনি আকস্মিকভাবে মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হামলাকারী মুখ্যমন্ত্রীকে চড় মারেন এবং তার চুল ধরে টানেন। যদিও ঢিল ছোড়ার প্রাথমিক খবরটি পরে ভুল প্রমাণিত হয়। হামলার পর পরই নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন এবং পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অভিযুক্ত কোন রাজনৈতিক দলের সমর্থক কিনা, তাও পুলিশ জানায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ধরনের হামলার ঘটনায় দিল্লির রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের উপর এমন হামলার ঘটনা রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।