“নাবালকের নামে কী ভাবে FIR!”-ডিজির কাছে রিপোর্ট চাইলো হাইকোর্ট

সাত বছরের কম সাজাযোগ্য অপরাধে নাবালকদের বিরুদ্ধে এফআইআর রুজু করা এবং তাদের পুলিশ হেফাজতে নেওয়ার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি-র কাছে ব্যাখ্যা তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই বিষয়ে দায়ের করা একটি মামলায় রাজ্য পুলিশের ডিজি-কে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৭-এর নিয়ম অগ্রাহ্য করে পুলিশ নাবালকদের বিরুদ্ধে এফআইআর করছে এবং এমনকি তাদের সন্দেহবশে তুলে নিয়ে যাচ্ছে। মামলাকারী পক্ষের আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় আদালতে ১৬টি জেলার উদাহরণ তুলে ধরেন, যেখানে আইনভঙ্গের ঘটনা ঘটেছে।
আইনজীবী জানান, হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আগেই নির্দেশ দিয়েছিল যে ছোটখাটো অপরাধের ক্ষেত্রে নাবালকদের বিরুদ্ধে এফআইআর করা যাবে না এবং তাদের পুলিশ হেফাজতে নেওয়াও নিষিদ্ধ। এরপরেও এমন ঘটনা ঘটে চলেছে।
এই ধরনের একটি মামলার সূত্রপাত হয়েছিল করোনাকালে, যখন বীরভূমের মল্লারপুরে একটি চুরির ঘটনায় এক নাবালককে পুলিশ হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই মামলায় তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কঠোরভাবে মেনে চলার জন্য পুলিশকে একাধিক নির্দেশ দিয়েছিল।
জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৭ অনুসারে, সাত বছরের কম সাজাযোগ্য অপরাধের ক্ষেত্রে কোনো নাবালককে গ্রেপ্তার করা, থানায় রাখা বা তার নামে এফআইআর রুজু করার সুযোগ নেই। কিন্তু অভিযোগ উঠেছে যে, পুলিশ এই সমস্ত বেআইনি কাজগুলো নিয়মিতভাবে করে যাচ্ছে। এই নতুন মামলাটি হাইকোর্টকে আবারও এই গুরুতর বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য করেছে এবং রাজ্য পুলিশের কাছে জবাবদিহি চেয়েছে।
আদালতের এই পদক্ষেপ নাবালকদের অধিকার রক্ষা এবং আইনি প্রক্রিয়া সঠিক ভাবে অনুসরণ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।