১ ঘন্টার পথ যেতে সময় লাগবে ১০ মিনিট, জেনেনিন মেট্রোর নতুন রুটে কী কী সুবিধা পাবেন?

কলকাতার গণপরিবহণে নতুন দিগন্ত উন্মোচন করে আগামী ২২শে আগস্ট তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এই নতুন রুটগুলো শহরের কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশনকে মেট্রো ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে, যা নিত্যযাত্রীদের জন্য একটি বড় স্বস্তির খবর। এর ফলে যানজটের কারণে রেলস্টেশনে পৌঁছানোর যে সমস্যা, তা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।

যে তিনটি রুটের উদ্বোধন হবে, সেগুলো হলো: শিয়ালদহ-এসপ্ল্যানেড (২.৪৫ কিমি), নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর (৬.৭৭ কিমি), এবং হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা (৪.৩৯ কিমি)।

যেভাবে উপকৃত হবেন যাত্রীরা:

১. শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট: এই রুটটি হাওড়া ময়দান-সেক্টর ফাইভ করিডরের একটি অংশ। এটি চালু হলে হাওড়া এবং শিয়ালদহের মতো দুটি প্রধান রেল স্টেশনের সঙ্গে মেট্রো সংযোগ তৈরি হবে। এর ফলে ট্রেন যাত্রীরা সহজে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করতে পারবেন। যেমন, দক্ষিণেশ্বর থেকে গড়িয়া যেতে হলে যাত্রীরা এসপ্ল্যানেড হয়ে সহজেই পৌঁছাতে পারবেন। এই রুট চালু হলে প্রায় এক ঘন্টার পথ মাত্র ১০ মিনিটে অতিক্রম করা যাবে বলে আশা করা হচ্ছে।

২. হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা রুট: এই রুটটি বেলেঘাটাকে রুবি পর্যন্ত যুক্ত করবে। এর মাধ্যমে যাত্রীরা বেলেঘাটা থেকে সরাসরি কবি সুভাষ মেট্রো স্টেশন অর্থাৎ নিউ গড়িয়া পর্যন্ত যেতে পারবেন। নিউ গড়িয়া রেল স্টেশনের সঙ্গে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংযোগ থাকায় শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদেরও অনেক সুবিধা হবে।

৩. নোয়াপাড়া-বিমানবন্দর রুট: এই রুটটি যশোর রোড এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের সঙ্গে মেট্রো সংযোগ স্থাপন করবে। এর ফলে ওই এলাকার নিত্যযাত্রীরা সহজেই মেট্রো ব্যবহার করে যাতায়াত করতে পারবেন, যা তাদের সময় বাঁচাবে এবং ভ্রমণকে আরও সহজ করবে।

এই তিনটি নতুন রুট চালু হওয়ার ফলে কলকাতার মেট্রো পরিষেবা আরও উন্নত হবে এবং যাত্রীরা দ্রুত ও স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।