২৬ হাজার চাকরি বাতিলের রায় বহাল, রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ২০১৬ সালের ওই নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত এবং তা বাতিল করাই ছিল একমাত্র ন্যায্য সিদ্ধান্ত।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট – কোনো আদালতেই ২০১৬ সালের পরীক্ষার মূল ওএমআর শিট বা তার কোনো প্রতিলিপি জমা দিতে পারেনি। এই ব্যর্থতাকে কমিশনের চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পুরো ব্যবস্থাকেই কলুষিত করেছে।

আদালত আরও জানায়, গত ৩ এপ্রিল রায় ঘোষণার আগে তারা সব পক্ষের বক্তব্য বিস্তারিতভাবে শুনেছিল। সিবিআই এবং অবসরপ্রাপ্ত বিচারপতি রনজিৎ বাগ কমিটির রিপোর্টে যে অসংখ্য অনিয়ম তুলে ধরা হয়েছে, তা নিয়োগের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাই এই দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়াকে বাতিল করা ছাড়া আদালতের কাছে আর কোনো উপায় ছিল না।

সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, এই পরিস্থিতিতে নতুন করে মামলাটির শুনানি করার কোনো প্রয়োজন নেই। তাদের মতে, এমন একটি দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়াকে চালিয়ে যাওয়ার মানে পুরো নিয়োগ ব্যবস্থার পবিত্রতাকেই নষ্ট করা। এই রায়ের মাধ্যমে শীর্ষ আদালত তার আগের অবস্থান বহাল রাখল।