“ট্রাম্পকে আর নেই দরকার!”-পুরনো সবকিছু ভুলে নয়া সমীকরন তৈরির চেষ্টায় ভারত-চীন

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের আবহে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক নতুন দিকে মোড় নিচ্ছে। সম্প্রতি দুদিনের ভারত সফরে এসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতীয় কৃষকদের জন্য এক বড় উপহারের ঘোষণা দিয়েছেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকের পর ফের তিনটি গুরুত্বপূর্ণ পণ্য ভারতে রপ্তানি শুরু করার আশ্বাস দিয়েছেন।
এই পণ্যগুলোর মধ্যে রয়েছে সার, খনিজ পদার্থ এবং সুড়ঙ্গ খোঁড়ার জন্য ব্যবহৃত বোরিং মেশিন। দীর্ঘদিন ধরে সীমান্ত সমস্যার কারণে চীন এসব পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল, যার ফলে ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। রবিশস্য উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ডিঅ্যামোনিয়া ফসফেটের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছিল। একই সাথে, বড় বড় নির্মাণ কাজ এবং মেট্রো প্রকল্পের কাজও বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের পক্ষ থেকে বারবার আবেদন জানানোর পর অবশেষে চীনের পক্ষ থেকে এই ইতিবাচক সাড়া এলো।
বর্তমানে মার্কিন নীতি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে টানাপোড়েন চলছে, সেখানে দাঁড়িয়ে ভারতের সঙ্গে চীনের এই সম্পর্কের উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যদিও চীনও একই কাজ করছে, কিন্তু তাদের ওপর এখনো কোনো শুল্ক চাপানো হয়নি। এই পরিস্থিতিতে নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক দ্বন্দ্ব ভুলে ভারত ও চীন সম্পর্ক ঠিক করে নিতে চাইছে বলে মনে করা হচ্ছে।
এস জয়শংকরের সঙ্গে বৈঠকের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন। সেই বৈঠকে প্রধানত ভারত-চীন সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। জয়শঙ্কর বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে, দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির জন্য সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। পাশাপাশি, ওয়াং ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।