মালদায় গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির ছাত্র, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তর

আবারও গুলি চলার ঘটনা ঘটল মালদায়। এবার মোথাবাড়ি থানা এলাকার পঞ্চানন্দপুর বাজার এলাকায় গুলিতে গুরুতর আহত হয়েছে এক দ্বাদশ শ্রেণির ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, আহত ছাত্রের নাম আব্দুল সাহিদ, ১৯ বছর। সে বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, রাতে বাড়ি থেকে বেরোনোর পরেই তাকে গুলি করা হয়। আব্দুল সাহিদের বুকের ডানদিকে গুলি লেগেছে বলে জানা গেছে।

এই ঘটনায় রাজ শেখ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার। ঘটনার পর থেকেই রাজ শেখ পলাতক বলে জানা গেছে। প্রথমে আব্দুলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় স্থানান্তর করা হয়।

ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।