ফিনল্যান্ডের সংসদ ভবনে তরুণ সাংসদের আত্মহত্যা, দেশজুড়ে চাঞ্চল্য

উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের সংসদ ভবনে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার সকালে রাজধানী হেলসিঙ্কিতে সংসদ ভবনের ভেতরেই ৩০ বছর বয়সী এক সাংসদ আত্মহত্যা করেছেন। তার নাম এমেলি পেল্টোনেন, যিনি ফিনল্যান্ডের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির একজন নির্বাচিত প্রতিনিধি ছিলেন।

২০২৩ সালের সাধারণ নির্বাচনে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন পেল্টোনেন। তার রাজনৈতিক জীবন সবে শুরু হয়েছিল। সম্প্রতি তিনি অসুস্থতার কারণে সংসদের বসন্ত অধিবেশনে যোগ দিতে পারছিলেন না। গত জুন মাসে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে তিনি কিডনি সংক্রান্ত সমস্যার জন্য চিকিৎসাধীন রয়েছেন। তবে তার এমন আকস্মিক আত্মহত্যার পেছনের কারণ এখনো জানা যায়নি।

ফিনল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৬ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। পার্লামেন্টের নিরাপত্তা পরিচালক অ্যারো তোইভোনেন নিশ্চিত করেছেন যে, সাংসদের মৃত্যুর কারণ আত্মহত্যা। তবে কীভাবে তিনি সংসদ ভবনের মতো একটি সুরক্ষিত স্থানে এমন ঘটনা ঘটালেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দেশের সংসদ ভবনের ভেতরে একজন নির্বাচিত জনপ্রতিনিধির এমন মর্মান্তিক মৃত্যুতে ফিনল্যান্ডের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। পেল্টোনেনের এই আকস্মিক প্রয়াণ তার সতীর্থ এবং সাধারণ মানুষকে স্তম্ভিত করেছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।