কলকাতা সফরে প্রধানমন্ত্রী, মেট্রো উদ্বোধন থেকে বিজেপির রাজনৈতিক সভা

শুক্রবার এক সংক্ষিপ্ত সফরে আবারও পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কয়েক ঘণ্টার সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন। তার এই সফরসূচিতে মেট্রো উদ্বোধন এবং একাধিক প্রকল্পের শিলান্যাস অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটে তিনি বিহারের পাটনা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এবং বিকেল ৪টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনের দিকে যাবেন।

বিকেল ৪টা ১৫ মিনিটে যশোর রোড মেট্রো স্টেশন থেকে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি নিজেই মেট্রোতে চড়ে যশোর রোড থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন পর্যন্ত যাবেন এবং আবার একই পথে ফিরে আসবেন।

মেট্রো সফর শেষে বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি দমদমের সেন্ট্রাল জেল ময়দানের উদ্দেশে রওনা দেবেন। সেখানে তার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। প্রথমত, বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে শুরু করে ৫টা ২৫ মিনিট পর্যন্ত তিনি একটি প্রশাসনিক সভায় অংশ নেবেন, যেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে।

এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি ওই একই স্থানে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-য় যোগ দেবেন। ৬টা ১৫ মিনিট পর্যন্ত এই রাজনৈতিক সভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। সবশেষে, তিনি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সড়কপথে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা দেবেন এবং ৬টা ৩৫ মিনিটে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন।

সব মিলিয়ে প্রধানমন্ত্রী মোদী কলকাতায় মাত্র আড়াই ঘণ্টা অবস্থান করবেন, যার মধ্যে প্রায় ৪৫ মিনিট তিনি বিজেপির রাজনৈতিক সভায় থাকবেন। এর আগে তার আলিপুরদুয়ার ও দুর্গাপুরের সভা থেকে তিনি রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেছিলেন। এবারও রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করে তিনি কী বার্তা দেন, সেদিকেই সবার নজর থাকবে। তবে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী তার সফরসূচিতে কিছু পরিবর্তনও হতে পারে।