তলে তলে আসল কাজটা সেরে ফেললেন মুকেশ অম্বানি, মাথায় হাত Jio পরিষেবা ব্যবহারকারীদের!

রিলায়েন্স জিও নিজেদের সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী দৈনিক ১ জিবি ডেটা প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। এর ফলে জিও ব্যবহারকারীদের মাসিক ইন্টারনেট খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের এখন বেশি দামের প্ল্যান রিচার্জ করতে হবে।
বর্তমানে যে সকল জিও গ্রাহক এতদিন ২৪৯ টাকার ১ জিবি দৈনিক ডেটা প্যাক ব্যবহার করতেন, তাদের এখন কমপক্ষে ২৯৯ টাকার ১.৫ জিবি দৈনিক ডেটা প্যাক ব্যবহার করতে হবে। ২৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য ইন্টারনেট, কল এবং মেসেজিংয়ের সুবিধা পাওয়া যেত। নতুন এই পরিবর্তনের ফলে গ্রাহকদের মাসিক রিচার্জের খরচ বেড়ে গেল, যা তাদের মাসিক বাজেটের ওপর সরাসরি প্রভাব ফেলবে।
জিওর এই পদক্ষেপকে তাদের ব্যবসার কৌশলের একটি পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কোম্পানি এখন গ্রাহকদের তুলনামূলকভাবে বেশি দামের প্ল্যানে উৎসাহিত করতে চাইছে। জিও যে পথে যাত্রা শুরু করেছিল, অর্থাৎ সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া, সেই পথ থেকে কিছুটা সরে আসছে বলে মনে করছেন অনেকে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে, কারণ তারা এতদিন জিওর ১ জিবি প্ল্যানটিকেই সবচেয়ে সাশ্রয়ী বলে মনে করতেন।