“রাজ্যসরকারকে সরাসরি চ্যালেঞ্জ”-হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার

পশ্চিমবঙ্গের প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা ১০০ দিনের কাজের প্রকল্প আবারও অনিশ্চয়তায় পড়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও এই কাজ শুরু হয়নি। এবার উল্টো হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র সরকার।

সম্প্রতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ১ আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে আদালত কেন্দ্র এবং রাজ্য উভয়কেই প্রকল্পের অনিয়ম রোধে একসঙ্গে কাজ করার কথা বলেছিল। কিন্তু আদালতের সেই সময়সীমা পেরিয়ে গেলেও কেন্দ্র তার অবস্থানেই অনড় থাকে। সোমবার কেন্দ্রীয় সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছে। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।

কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “১ আগস্ট থেকে ১০০ দিনের টাকা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমাদের দাবি ছিল বাংলার বকেয়া টাকা আগে মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই টাকা না মিটিয়ে মোদী সরকার সুপ্রিম কোর্টে চলে গেল।”

উল্লেখ্য, গত প্রায় তিন বছর ধরে এই প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে। রাজ্যের দাবি, ২০২২ সালের মার্চ মাস থেকে কেন্দ্র তাদের প্রাপ্য ৪,৫৬৩ কোটি টাকা আটকে রেখেছে। অন্যদিকে, কেন্দ্রের অভিযোগ, এই টাকার হিসেব নিয়ে রাজ্যে অনিয়ম হয়েছে।

হাইকোর্টের নির্দেশের পর মনে করা হচ্ছিল, এই সমস্যার সমাধান হতে চলেছে। কিন্তু কেন্দ্রের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তে সেই আশা আপাতত ফিকে হয়ে গেছে। এই টানাপোড়েনের জেরে বিগত তিন বছর ধরে রাজ্যের বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।