অটো থামাতে বলায় রেগে মহিলা পুলিশকর্মীকে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক, তারপর….

মহারাষ্ট্রের সাতারা শহরে এক মদ্যপ অটো চালকের বর্বরোচিত কর্মকাণ্ডে এক মহিলা ট্রাফিক পুলিশ গুরুতর আহত হয়েছেন। কর্তব্যরত অবস্থায় অটো থামাতে বলার পর চালক ওই পুলিশ কর্মীকে ১২০ মিটার পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

ঘটনাটি ঘটেছে সাতারা শহরের একটি ক্রসিংয়ে। সেদিন ট্রাফিক সার্জেন্ট ভাগ্যশ্রী যাদব তার দায়িত্ব পালন করছিলেন। সেই সময় তিনি একটি অটোকে চেকিংয়ের জন্য থামতে বলেন। কিন্তু অটো চালক দেবরাজ কালে তখন মদ্যপ অবস্থায় ছিল। জরিমানা ও কারাবাসের ভয়ে সে অটো না থামিয়ে বরং আরও জোরে চালিয়ে পালানোর চেষ্টা করে।

ভাগ্যশ্রী অটোটিকে থামানোর চেষ্টা করলে তিনি পড়ে যান এবং অটোর সাথে আটকে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অটোটি প্রায় ১২০ মিটার পর্যন্ত তাকে টেনে নিয়ে যাচ্ছে। এই ভয়াবহ দৃশ্য দেখে পথচারীরা দ্রুত অটোটিকে আটকে দেয়। এরপর উত্তেজিত জনতা অটো চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে।

পরে জনতা আহত ট্রাফিক সার্জেন্ট ভাগ্যশ্রীকে উদ্ধার করে এবং অটো চালক দেবরাজ কালেকে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত ভাগ্যশ্রী যাদব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ অভিযুক্ত দেবরাজ কালেকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।