DA মামলার পরবর্তী শুনানি কবে? রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) মামলার শুনানি আবারও পিছিয়ে গেল। ১২ আগস্ট সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে ডিএ মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ আগস্ট হবে বলে জানা গিয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হবে। পুজোর আগে ডিএ মামলায় কোনো সুখবর আসবে বলে আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীরা। তবে বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় তাদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে।

আদালতে রাজ্য সরকার দাবি করেছে যে ডিএ সরকারি কর্মীদের মৌলিক অধিকার নয়। রাজ্যের পক্ষ থেকে তাদের আর্থিক অবস্থার কথা তুলে ধরে বলা হয়েছে, যেহেতু কেন্দ্র এবং রাজ্যের আর্থিক পরিকাঠামো আলাদা, তাই কেন্দ্রের মতো একই হারে ডিএ দেওয়া সম্ভব নয়।

অন্যদিকে, মামলাকারী রাজ্য সরকারি কর্মীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। তাদের যুক্তি হলো, বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর ডিএ মিটিয়ে দেওয়া সরকারের নীতিগত দায়িত্বের মধ্যে পড়ে। তারা আরও বলেছেন, প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্ট তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করে, যা খারিজ হয়ে যায়। এরপর রাজ্য তিনটি কর্মচারী সংগঠনের দায়ের করা আদালত অবমাননার মামলার জবাবে সুপ্রিম কোর্টে যায়। সেই থেকে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং বারবার এর শুনানি পিছিয়ে যাচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যকে ২৫% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সেই নির্দেশ কার্যকর করতে আরও সময় চেয়েছে।