পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, এর মাঝেই জলাতঙ্কে মৃত্যু শিশুর, শুরু নতুন করে বিতর্ক

পথকুকুর সংক্রান্ত বিতর্ক যখন তুঙ্গে, ঠিক সেই সময় কর্নাটকের বেঙ্গালুরুতে জলাতঙ্কে আক্রান্ত হয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কর্নাটকের দেবাঙ্গিরির বাসিন্দা ওই শিশুটিকে মাস তিনেক আগে একদল পথকুকুর কামড়েছিল। এই ঘটনা আবারও পথকুকুর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উসকে দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুটির নাম খাদিরা বানু। গত এপ্রিল মাসে সে যখন বাড়ির সামনে খেলা করছিল, তখন একদল পথকুকুর তার ওপর হামলা করে। কুকুরগুলো তার মুখে ও শরীরের বিভিন্ন অংশে কামড়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুর রাজীব গান্ধী হাসপাতালে আনা হয়।
চিকিৎসকরা জানান, প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও সম্প্রতি শিশুটি বমি করতে শুরু করে। এরপর শারীরিক পরীক্ষা করে দেখা যায় যে সে জলাতঙ্কে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার, শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
শিশুটির কাকা সাজিদ জানান, তারা খাদিরার চিকিৎসার জন্য প্রায় ৯-১০ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু কোনো চেষ্টা কাজে আসেনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেবাঙ্গিরিতে পথকুকুরের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সাজিদ আবেদন জানান, খাদিরার সঙ্গে যা ঘটেছে, তা যেন অন্য কোনো শিশুর সঙ্গে না ঘটে। এই মর্মান্তিক ঘটনাটি পথকুকুরের হামলার বিপদ এবং জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।