উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য পদপ্রার্থীর নাম ঘোষণা INDIA ব্লকের, কে এই সুদর্শন রেড্ডি? জানুন

আগামী ৯ সেপ্টেম্বরের উপরাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোট ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডিকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই ঘোষণা করেন। এর আগে, এনডিএ তাদের প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করেছিল।

এনডিএ প্রার্থী ঘোষণার পরই বিরোধী জোট তাদের প্রার্থী নিয়ে আলোচনা শুরু করে। সোমবার সন্ধ্যায় মল্লিকার্জুন খাড়গের বাসভবনে একটি বৈঠক হয়, যেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সুদর্শন রেড্ডির নাম চূড়ান্ত করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে বিরোধীরা স্পষ্ট করে দিয়েছে যে তারা নির্বাচনে অংশ নেবে এবং এনডিএ-কে ওয়াকওভার দেবে না।

সুদর্শন রেড্ডি একজন প্রখ্যাত আইনবিদ। ১৯৪৬ সালে অন্ধ্রপ্রদেশের রাঙ্গা রেড্ডি জেলার এক কৃষক পরিবারে তার জন্ম। তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন এবং ১৯৯৩ সালে অন্ধ্র হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং ২০০৭ সালে সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি অবসর গ্রহণ করেন এবং গোয়ার প্রথম লোকায়ুক্ত হিসেবেও কাজ করেছেন।

গত ২১ জুলাই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সমন্বয়ে গঠিত ইলেক্টোরাল কলেজে এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা থাকায় এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণণের জয় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তবে, বিরোধীরা নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে চাইছে।