প্লেনের মতোই এবার রেলেও লাগবে ফাইন, ভ্রমণের আগে জেনে নিন নতুন নিয়ম?

যাত্রীদের জন্য এবার ট্রেনেও লাগেজের পরিমাণ সীমিত করার কঠোর নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। অতিরিক্ত লাগেজ নিয়ে যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে বিমানযাত্রার মতোই রেলযাত্রার ক্ষেত্রেও নির্ধারিত ওজনের বেশি লাগেজ বহন করলে যাত্রীদের জরিমানা দিতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাসের জন্য লাগেজের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে:

  • ফার্স্ট ক্লাস এসি কোচে একজন যাত্রী ৭০ কেজি পর্যন্ত লাগেজ নিতে পারবেন।
  • এসি সেকেন্ড ক্লাসে লাগেজের সীমা ৫০ কেজি।
  • থার্ড এসি এবং স্লিপার ক্লাসে যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন।
  • জেনারেল টিকিটে এই সীমা ৩৫ কেজি পর্যন্ত।

প্রাথমিকভাবে উত্তর রেলওয়ে এবং মধ্য রেলওয়ে এই নিয়ম চালু করতে চলেছে। প্রথম ধাপে লখনউ, প্রয়াগরাজ, বেনারস এবং মির্জাপুরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে এই ব্যবস্থা কার্যকর করা হবে। যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই নিয়ম আনা হয়েছে। অনেক সময় অতিরিক্ত লাগেজ থাকায় ট্রেনের কামরায় চলাচলেরও জায়গা থাকে না, যা বিপজ্জনক হতে পারে।

এবার থেকে স্টেশনগুলোতে বিমানবন্দরের মতো ইলেকট্রনিক লাগেজ মেশিন বসানো হবে। প্ল্যাটফর্মে ঢোকার আগেই যাত্রীদের মালপত্র ওজন করে পরীক্ষা করা হবে। যদি লাগেজের ওজন বা আকার নির্ধারিত সীমার বেশি হয়, তবে যাত্রীকে জরিমানা দিতে হবে। বিনা বুকিংয়ে অতিরিক্ত লাগেজ পাওয়া গেলে তার জন্যও মাশুল গুণতে হবে। যাত্রীরা সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত অতিরিক্ত লাগেজ বহন করতে পারবেন, তবে তার জন্য আলাদা মাশুল দিতে হবে।