রণবীরের ছবির শ্যুটিং সেটে খাদ্যে বিষক্রিয়া, খাবার খেয়ে প্রায় ১০০ জন অসুস্থ

পরিচালক আদিত্য ধর এবং অভিনেতা রণবীর সিংয়ের আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর শ্যুটিং লাদাখে হঠাৎ করেই থমকে গেল। ছবির সেটে খাবার থেকে বিষক্রিয়ার শিকার হয়েছেন শতাধিক কলাকুশলী। তাদের সবাইকে লেহ-এর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা পুরো শ্যুটিং ইউনিটের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত রবিবার, ১৭ আগস্ট, পাথর সাহিব এলাকায় শ্যুটিং চলাকালীন। শ্যুটিংয়ে থাকা প্রায় ৬০০ জনের মধ্যে ১০০ জনেরও বেশি সদস্য খাবার খাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে শিশুরাও ছিল। তীব্র পেটে ব্যথা, বমি এবং মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও অধিকাংশের অবস্থাই গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসার পর অনেককে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে ছবির শ্যুটিং বাতিল করা হয়েছে। খাদ্য সুরক্ষা বিভাগের পক্ষ থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাতে সংক্রমণের উৎস খুঁজে বের করা যায়। পরিচালক আদিত্য ধর নিজে ব্যক্তিগতভাবে এই পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং নিশ্চিত করেছেন যে আক্রান্ত সবাই যেন সঠিক চিকিৎসা পায়।
প্রসঙ্গত, রণবীরের জন্মদিনে তার এই নতুন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম লুক প্রকাশ করা হয়েছিল। এটি পরিচালক আদিত্য ধরের সঙ্গে তার প্রথম কাজ। ছবিতে রণবীর সিং ছাড়াও সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো তারকারা রয়েছেন। ছবিটি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।