প্রবল বর্ষণে ভাসছে মুম্বই! বন্ধ স্কুল-কলেজ, প্রতিকূল আবহাওয়া নিয়ে কী জানালেন মুখ‍্যমন্ত্রী ফড়ণবীশ?

গত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে বাণিজ্য নগরী মুম্বই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন মুম্বই, থানে এবং রায়গড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কারণে এই তিন জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বার্তা ও সরকারি পদক্ষেপ
অবিরাম বৃষ্টির পাশাপাশি সমুদ্রে বড় ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সংবাদমাধ্যমকে জানান, “গত দুই দিনে মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আগামী তিন দিন, অর্থাৎ ২১শে আগস্ট পর্যন্ত, রাজ্যের অর্ধেক জেলায় রেড অথবা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা এই পরিস্থিতি মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়েছি।”

প্রতিকূল আবহাওয়ার কারণে মহারাষ্ট্র সরকার আজ, ১৯শে আগস্ট মুম্বই, থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি এবং সিন্ধুদুর্গের সমস্ত স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা করেছে।

মুম্বই পুলিশের সতর্কতা
মুম্বই পুলিশ প্রবল বৃষ্টি এবং জলস্ফীতির ঝুঁকির কারণে নগরবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। মেরিন ড্রাইভ, ওরলি সি ফেস, বান্দ্রা কার্টার রোড এবং মাড আইল্যান্ড সীফ্রন্ট-এর মতো জায়গাগুলিতে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।