দু’বেলা খেতে দেওয়া নিয়ে সমস্যা, ঘুষি মেরে মায়ের মুখ ফাটিয়ে দিল গুণধর ছেলে!

বারুইপুরে এক বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই গুণধর ছেলের বিরুদ্ধে। একইসঙ্গে, শাশুড়িকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধেও। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার ইন্দ্রপালা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত বৃদ্ধার নাম বিমলা দে। বিমলা দেবীর অভিযোগ, তাঁর বড় ছেলে স্বপন দে এবং তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে তাঁর উপর অকথ্য অত্যাচার চালিয়ে আসছেন। অভিযোগ, ছেলে তাঁকে ঠিকমতো খেতেও দেন না, এবং নানাভাবে হেনস্তা করেন। এর আগে এই বিষয় নিয়ে পাড়ায় সালিশি সভাও বসেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বলে দাবি বৃদ্ধার।

বৃদ্ধার দাবি, সোমবার এই অত্যাচার চরম আকার ধারণ করে। একটি সামান্য বিষয় নিয়ে ছেলে ও বৌমা মিলে তাঁকে বেধড়ক মারধর করেন। অভিযোগ, ছেলে স্বপন দে ঘুষি মেরে মায়ের মুখ ফাটিয়ে দেন। বৃদ্ধাকে বাঁচাতে তাঁর ছোট ছেলে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ।

মঙ্গলবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃদ্ধা বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।

বৃদ্ধা বিমলা দে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে বলেন, “ছেলেকে এত কষ্ট করে বড় করেছি, কখনও ভাবিনি বড় হয়ে এমনটা হবে। যত্ন করা তো দূরের কথা, দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না। পাড়ার লোক অনেক বুঝিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি।” এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।