বাংলায় হঠাত্‍ BDS, MDS ভর্তি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, বিপাকে NEET উত্তীর্ণ পড়ুয়ারা

আইনি জটিলতার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল রাজ্যে এমডিএস এবং বিডিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া। সোমবার স্বাস্থ্য দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যা রাজ্যের হাজার হাজার NEET উত্তীর্ণ পড়ুয়ার ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠনগুলির রাজ্য মেডিকেল ইউনিট। সংগঠনের আহ্বায়ক সামস মুসাফির এক বিবৃতিতে বলেন, “আইনি জটিলতার অজুহাত দেখিয়ে এই গুরুত্বপূর্ণ ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়াটা অগ্রহণযোগ্য।” তিনি আরও বলেন, এই ধরনের সিদ্ধান্ত সরাসরি পড়ুয়াদের পড়াশোনার সময় নষ্ট করছে এবং এর প্রভাব শুধু তাদের শিক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার মানকেও ক্ষতিগ্রস্ত করবে। চিকিৎসা ব্যবস্থাও এর ফলে ব্যাহত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সামস মুসাফির দ্রুত এই আইনি জটিলতা কাটিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন। তার বক্তব্য, অবিলম্বে ক্লাস শুরু করতে হবে এবং এর অন্যথা হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

২০২৫ সালের NEET UG পরীক্ষায় ২২ লক্ষ ৭০ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। দেশের ৫০০টি শহরের ৫ হাজার ৪৫৩টি কেন্দ্রে এবং বিদেশে ১৩টি শহরে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে যারা রাজ্যে এমডিএস এবং বিডিএস কোর্সে ভর্তির অপেক্ষায় ছিল, তারা এখন নতুন করে উদ্বেগে পড়েছে।