সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি

বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যা আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এটি আগামীকাল দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গসহ রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্র উত্তাল থাকায় ২২শে আগস্ট শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায়, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। সোম ও মঙ্গলবার এই আবহাওয়া বজায় থাকবে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে। বৃহস্পতিবার এবং শুক্রবারেও এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
সব মিলিয়ে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বর্ষার দাপট বজায় থাকবে। নিম্নচাপের প্রভাবে জনজীবন কিছুটা ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।