মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে পরিবারের কাছে ফেরাল পুলিশ, নদীয়ার ১২ নম্বর জাতীয় সড়কে চাঞ্চল্য

তীব্র গরমের মধ্যে ১২ নম্বর জাতীয় সড়কে এক মানসিক ভারসাম্যহীন যুবককে ঘোরাঘুরি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে ট্রাফিক পুলিশের তৎপরতায় ওই যুবককে নিরাপদে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর বাইপাস সংলগ্ন সিগন্যাল মোড় এলাকায়।

সোমবার সকাল থেকে জিৎ বিশ্বাস নামে ওই যুবককে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এলাকার সচেতন নাগরিকরা তাকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। এই পরিস্থিতিতে শান্তিপুর ট্রাফিক ওসি দীপক সিকদার নিজে ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি তদারকি করেন।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই যুবকের নাম জিৎ বিশ্বাস এবং তার বাবার নাম বিধান বিশ্বাস। তাদের বাড়ি নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের ষষ্টিতলা পাড়া এলাকায়। পরিবারের সদস্যরা জানান যে, জিৎ তার বাবার সঙ্গে অদ্বৈত পাটে যাওয়ার জন্য বেরিয়েছিল। পথে তার বাবার একটি ছোট দুর্ঘটনা ঘটে এবং সেই সময় জিৎ সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে হেঁটে শান্তিপুর গোবিন্দপুর সিগন্যাল এলাকায় চলে আসে।

ট্রাফিক পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় যুবকটিকে রাস্তা থেকে সরিয়ে নেয়। পরে বিভিন্ন সূত্র থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। যেহেতু পরিবার নিখোঁজ সংক্রান্ত কোনো অভিযোগ দায়ের করেনি, তাই তাকে শনাক্ত করতে এবং বাড়িতে ফিরিয়ে দিতে কিছুটা সময় লাগে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে প্রথমে পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে প্রশাসনিক সহায়তা নেওয়া অনেক বেশি কার্যকর। এই ঘটনায় পুলিশের সময়োচিত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা।