সেনা জওয়ানকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, মেরঠের টোল প্লাজায় চাঞ্চল্যকর ঘটনা

উত্তর প্রদেশের মেরঠে একটি টোল প্লাজায় এক সেনা জওয়ানকে নির্মমভাবে মারধরের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কপিল কাভাদ নামে ওই সেনা জওয়ানকে টোল প্লাজার কর্মীরা একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি মেরঠ-কর্ণাল হাইওয়ের ভূনি টোল প্লাজায় ঘটেছে। পুলিশ জানিয়েছে, জওয়ান কপিল কাভাদ তাঁর ভাইয়ের সঙ্গে দিল্লি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন, সেখান থেকে তার শ্রীনগরে ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল। টোল প্লাজায় গাড়ির লম্বা লাইন থাকায় তিনি কর্মীদের দ্রুত লাইন কমানোর অনুরোধ করেন। এই অনুরোধ থেকেই বিবাদের সূত্রপাত হয় এবং টোল কর্মীরা তাকে মারধর করতে শুরু করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন টোল কর্মী মিলে কপিলকে একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা টোল প্লাজায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং টোল আদায় বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই উত্তর প্রদেশের দেউরিয়া জেলায় এক ৬৫ বছর বয়সী প্রাক্তন সেনা জওয়ানকে তার প্রতিবেশী পিটিয়ে হত্যা করেছিলেন। এই দুটি ঘটনা দেশের নিরাপত্তা রক্ষাকারীদের ওপর সাধারণ মানুষের আক্রমণের প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এবং জনগণের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।