‘বুম’ করে ফেটে উঠল বোমা…! রাতের অন্ধকারে ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, গুরুতর অসুস্থ এক

উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার জামবেরিয়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা ঘটেছে। এই হামলায় বাড়ির এক মহিলা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যবসায়ী জবেদ আলী সরদার এই ঘটনার জন্য তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছেন।

জবেদ আলী সরদারের অভিযোগ, গত রাতে একদল দুষ্কৃতী তার বাড়িতে বোমা হামলা চালায়। বোমার আঘাতে বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমার বিকট শব্দে আতঙ্কিত হয়ে তার পরিবারের এক মহিলা অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তড়িঘড়ি টাকি হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ ও পাল্টা অভিযোগ
ব্যবসায়ী এবং স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই দুষ্কৃতীরা রাতের বেলা এলাকায় বোমাবাজি করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। বারবার হাসনাবাদ থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে তারা দাবি করেছেন।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এটি দুষ্কৃতীদের কাজ এবং এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।