গলছে সম্পর্কের বরফ, দীর্ঘ ৫ বছর পর ফের শুরু হতে চলেছে ভারত-চীনের মধ্যে এই পরিষেবা!

প্রায় পাঁচ বছর পর ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা আবার চালু হতে চলেছে। কোভিড মহামারী এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে ২০২০ সাল থেকে এই পরিষেবা বন্ধ ছিল। তবে এবার সব প্রতিকূলতা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সূত্রের খবর, আগামী মাসের শুরুতেই এই রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হতে পারে।
জানা গিয়েছে, ভারত সরকার এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলোকে এই পরিষেবা পুনরায় চালু করার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে খুব কম সময়ের নোটিসে যাতে ফ্লাইট শুরু করা যায়, সেভাবেই প্রস্তুতি চলছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চলতি মাসের ৩১ তারিখ থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে চিনের তিনজিয়ানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দিতে চিন সফরে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, সেখানেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা আসতে পারে।
এর আগে ভারতের অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছিল যে তারা এই বিষয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করছে। কূটনৈতিক সম্পর্ক এখন অনেকটাই সহজ হয়েছে এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখাতেও শান্তি বিরাজ করছে।
গত জানুয়ারি মাসে ভারত সরকার এই পরিষেবা চালুর প্রথম উদ্যোগ নেয়। চিন সফরে গিয়ে বিদেশ সচিব বিক্রম মিস্রী এই বিষয়ে আলোচনা করেন। অন্যদিকে, চিনের কনসাল জেনারেল জু ওয়েই কলকাতায় এক অনুষ্ঠানে এসে জানিয়েছিলেন যে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর জন্য আলোচনা চলছে। এরপরই ভারত সরকার এই বিষয়ে পদক্ষেপ নেয়।
উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাদের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। ১৫ জুন চিনা বাহিনীর হামলায় ২০ জন ভারতীয় সেনা শহিদ হন এবং পাল্টা হামলায় বেশ কিছু চিনা সেনাও প্রাণ হারান। এর ফলে দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে এবং করোনার প্রভাব কাটলেও বিমান পরিষেবা চালু হয়নি। তবে এখন সেই পরিস্থিতি অনেকটাই শান্ত।