Recipe: বাড়িতে অল্প সময়ে বানিয়ে ফেলুন বেগমতী ডিম, শিখেনিন রান্নার সহজ রেসিপি

তাড়াহুড়োর মধ্যে আমিষ রান্না করার কথা ভাবলে ডিমের কথা সবার আগে মাথায় আসে। ডিম এমন একটি খাবার যা সাধারণত সব বাড়িতেই থাকে এবং খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। অল্প সময়ে ও কম উপকরণে সুস্বাদু একটি পদ তৈরি করা যায়। যারা রুটি বা পরোটার সঙ্গে নতুন কিছু খেতে চান, তাদের জন্য রইল ডিমের একটি ভিন্নধর্মী পদ, যার নাম বেগমতী ডিম।
যদি মাছ-মাংস খেয়ে মুখে অরুচি এসে থাকে, তাহলে এই রেসিপিটি আপনার জন্য একদম পারফেক্ট।
উপকরণ:
সেদ্ধ ডিম: ৫টি
পেঁয়াজ কুচি: ১টি
ধনেপাতা কুচি: ১ কাপ
পুদিনা পাতা কুচি: ১ কাপ
টক দই: ১০০ গ্রাম
কসুরি মেথি: ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা: ১০টি
আদা ও রসুন বাটা: ১ টেবিল চামচ
বড় এলাচ: ২টি
দারচিনি: ১ ইঞ্চি
গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
ভাজা জিরে গুঁড়ো: ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো: ১/২ চা চামচ
তেল এবং লবণ: পরিমাণ মতো
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে সেগুলোর খোসা ছাড়িয়ে রাখুন।
২. এবার একটি পেস্ট তৈরি করতে হবে। মিক্সিতে পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচালঙ্কা এবং টক দই দিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন।
৩. একটি কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে বড় এলাচ এবং দারচিনি দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
৪. পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেদ্ধ ডিমগুলো কড়াইতে দিয়ে দিন। এরপর এতে আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
৫. এবার গুঁড়ো মশলাগুলো (গরম মশলা, ধনে, জিরে ও লাল লঙ্কা গুঁড়ো) মিশিয়ে নিন। মশলাটি ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না তেল উপরে উঠে আসছে।
৬. মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিন এবং সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন।
৭. কসুরি মেথি ও লবণ মিশিয়ে কড়াইটি ঢেকে দিন। ৩-৪ মিনিট এভাবে রান্না হতে দিন।
ব্যস, তৈরি হয়ে গেল আপনার সুস্বাদু বেগমতী ডিম। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে এটি পরিবেশন করুন।