বাবা দোকানি, মা গৃহবধূ; মাত্র দুই বছরেই জয়নগরের গর্ব ‘আরিশ’! প্রতিভা দেখলে মুগ্ধ হবেন

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ছোট্ট শিশু আরিশ লস্কর, যার বয়স মাত্র দুই বছর, বর্তমানে সে এক বিস্ময়কর প্রতিভা। এই বয়সেই সে ১৩৫টি দেশের রাজধানীর নাম অনর্গল বলে যেতে পারে, যা দেখলে মনে হয় যেন কোনও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র।

দক্ষিণ বারাশত এলাকার হরি নারায়ণপুরের বাসিন্দা আরিশের মা রাইচা বিবি একজন গৃহবধূ এবং বাবা সাজাদ লস্কর একটি ছোট মুদি দোকান চালান। তাঁদের একমাত্র সন্তান আরিশের জন্ম ২০২৩ সালের ২ জুলাই। তার মা-বাবার দাবি, মাত্র দেড় বছর বয়স থেকেই আরিশের শেখার ক্ষমতা ছিল অসাধারণ। সে যা শুনত, তা দ্রুত মুখস্থ করে ফেলত।

এই বিরল প্রতিভার জোরে মাত্র ২০ মাস বয়সে আরিশ ১৩৫টি দেশের নাম ও রাজধানী, ৫৩টি কীটপতঙ্গ, ৪১টি শাকসবজি, ৩৫টি প্রাণী, ২৫ ধরনের মাছ, ২০টি ক্রিয়া, শরীরের ২০টি অংশ এবং ২০টি পেশার নাম বাংলা ও ইংরেজিতে বলতে পারদর্শী হয়ে উঠেছে।

এই খুদে প্রতিভাধরকে নিয়ে তার পরিবার থেকে শুরু করে এলাকার সবাই ভীষণ গর্বিত।