মাছ চুরি করতে গিয়ে যা হল…! মুহূর্তে সব শেষ, ইলেকট্রিক শকে মৃত্যু প্রৌঢ়ের

পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার জামুয়া লচ্ছিমপুর এলাকায় একটি মাছের ভেড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম গৌর বেরা (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মাছের ভেড়ি থেকে নিয়মিত মাছ চুরি হতো। চোরদের ঠেকাতে ভেড়ির মালিকরা ভেড়ির চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুতের সংযোগ করে রেখেছিলেন। মনে করা হচ্ছে, গতকাল রাতে মাছ চুরি করতে গিয়েই সেই তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান গৌর বেরা।
এলাকাবাসীর দাবি, গৌর বেরা রাতে প্রায়ই জাল নিয়ে মাছ চুরি করতে আসতেন। গতকাল রাতেও একই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, কিন্তু তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, একদিকে চুরির প্রবণতা নিয়ে ক্ষোভ, অন্যদিকে এমন মর্মান্তিক মৃত্যুতে শোক।